বাজেট অধিবেশন শুরু
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৮:৪১ পিএম
আপডেট : ৩১ মে ২০২৩ ২০:০৬ পিএম
শুরু হলো একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এটি সংসদের ২৩তম অধিবেশন। বুধবার ( ৩১ মে) বিকাল ৫টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়।
সংসদের এই অধিবেশনে বৃহস্পতিবার আগামী অর্থবছরের অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে একাদশ সংসদের শেষ বাজেট অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আগামী ২৫ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পাস হওয়ার কথা রয়েছে। এই অধিবেশনে যে বাজেট দেওয়া হবে, সেটি আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের সরকারের শেষ বাজেট। এ বছর শেষে একাদশ জাতীয় সংসদের ৫ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সংসদের এ বাজেট অধিবেশনও অন্যান্য অধিবেশনের মতো করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের আগেই করোনা পরীক্ষা করতে হয়েছে।
সংসদের বাজেট অধিবেশনের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়েছে : একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচিত সদস্যরা হলেন, আ স ম ফিরোজ, তানভির শাকিল জয়, প্রাণ গোপাল দত্ত, রুস্তম আলী ফরাজী, আনজুম সুলতানা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকায় নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যরা সভাপতিত্ব করবেন।
নায়ক ফারুকের ওপর সংসদে শোক প্রস্তাব : প্রয়াত সংসদ সদস্য ও চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ১৫ মে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাজেট অধিবেশন শুরুর পর শোক প্রস্তাবটি স্পিকার ড. শিরীন শামিন চৌধুরী উপস্থাপন করেন। এরপর শোক প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের আলোচনা শুরু হয়। এ ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বর্ষিয়ান রাজনৈতিক নেতা ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়।
শোক প্রস্তারের ওপর আলোচনা করলেন যারা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি, জাতীয় পার্টির এমপি ফিরোজ রশিদ, হাবিব হাসান এমপি, মেহের আফরোজ চুমকি, আসাদুজ্জামান নূর এমপি প্রমুখ।