প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৩ ০১:১৬ এএম
আপডেট : ৩১ মে ২০২৩ ১০:৫৪ এএম
জাতীয় সংসদ। সংগৃহীত ফটো
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৪তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হয়।
কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে যোগদান করেন।
বৈঠকে জাতীয় সংসদের ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩০৮ কোটি ১৮ লাখ ৬৬ হাজার, ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২০২৪-২৫ অর্থবছরে ৩৬১ কোটি ২৩ লাখ, ২০২৫-২৬ অর্থবছরে ৩৮৬ কোটি ৫২ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
বৈঠকের শুরুতে বিগত ৩৩তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়। এ ছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আবদুস সালাম। সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।