প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৩ ০১:২৭ এএম
আশকোনা ক্যাম্পে হজযাত্রীরা। ফোকাস বাংলা ফটো
৭৮ হজযাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে চারটি এজেন্সির বিরুদ্ধে। এ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসব ঘটনায় শনিবার (২৭ মে) রাতে ওই চার এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মন্ত্রণালয়। এজেন্সিগুলো হলো- সাবওয়ে ট্রাভেলস অ্যান্ড হলিডে, কেয়া ট্রাভেলস, আল-আমানা ওভারসিজ এবং সিটি নিওন ট্রাভেলস।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাবওয়ে ট্রাভেলস অ্যান্ড হলিডে নামে একটি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে হেলাল উদ্দিন আহমেদ এবং মোছা. রওশন জাহান নামে দুই হজযাত্রী অভিযোগ করেছেন। অভিযোগে তারা জানান, এজেন্সির মুয়াল্লিম নুর ইসলাম কিছুদিন আগে অপর একজন মুয়াল্লিম আবজাল হোসেনকে তাদের হজে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়ে যান এবং তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। আবজাল হোসেনের মাধ্যমে গত শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৩৪২১ ফ্লাইটের সময়সূচি জানতে পারেন এবং সেই মোতাবেক হজক্যাম্পে অবস্থানও করেন। কিন্তু আবজাল হোসেনকে পাসপোর্ট, ভিসা এবং বিমানের টিকিটের কথা বললে মাগরিবের পর অথবা এশার নামাজের পর হবে বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে রাত ১০টায় আবজাল হোসেন জানান, তাদের স্বামী-স্ত্রীর ভিসা হয়নি।
তারা বলেন, ‘আমাদের কী করণীয় বুঝতে না পেরে আবজাল সাহেবকে বললে উনার ছেলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। তাই এই কোম্পানি ও মুয়াল্লিমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আমাদের হজযাত্রা সুগম করতে প্রার্থনা করছি।’
এ ঘটনায় এজেন্সির মালিককে তিন দিনের মধ্যে ঘটনার জবাব দেওয়ার জন্য বলেছে ধর্ম মন্ত্রণালয়।
পাসপোর্ট-ভিসা ছাড়াই হজযাত্রীদের ক্যাম্পে আনার অভিযোগ : শনিবার কেয়া ট্রাভেলস দুই হজযাত্রীকে হজ করানোর কথা বলে হজক্যাম্পে নিয়ে আসে। কিন্তু ওই দুই হজযাত্রীর ভিসা-পাসপোর্ট কোনোকিছু এজেন্সি থেকে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বিজি-৩৪২১ ফ্লাইটে তাদের টিকিট করা ছিল। এ ছাড়া হজযাত্রীদের ফ্লাইটের ৮ ঘণ্টা আগে হজক্যাম্পে আসার কথা থাকলেও তারা ক্যাম্পে আসেন ভোর ৪টা ৪৫ মিনিটে।
হজযাত্রীদের পাসপোর্ট ও ভিসা প্রদান না করা এবং যথাসময়ে হজযাত্রীদের হজক্যাম্পে উপস্থিত না করা অনিয়ম ও সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায় বলে জানিয়েছে মন্ত্রণালয়। এজন্য কেয়া ট্রাভেলসকে তিন দিনের মধ্যে ঘটনার জবাব দেওয়ার জন্য বলেছে ধর্ম মন্ত্রণালয়।
৭৪ হজযাত্রী প্রতারিত: আল-আমানা ওভারসিজ নামে একটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ৭৪ হজযাত্রীকে হারাম শরীফের কাছে কবুতর চত্বরের পাশে নামারা সামস নামক হোটেলে রাখার কথা ছিল। কিন্তু হজযাত্রীদের হারাম শরীফ থেকে ৪ থেকে ৫ কিলোমিটার দূরে শত্তকিয়া নামক জায়গায় একটি হোটেলে রাখার চেষ্টা করে। এতে হজযাত্রীরা বাস থেকে নামতে অস্বীকৃতি জানান এবং কবুতর চত্বরে এলাকার হোটেলে নিয়ে যাওয়ার বিষয়ে অনড় থাকেন। পরে তারা সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনে অভিযোগ করেন।
ধর্ম মন্ত্রণালয়ের জারি করা নোটিশে বলা হয়, হজযাত্রীদের চুক্তি অনুযায়ী আবাসনের ব্যবস্থা না করা এবং হজযাত্রীদের হয়রানি ও প্রতারিত করেছে বলে উল্লেখ করে এজেন্সির বিরুদ্ধে নোটিশ জারি করেছে মন্ত্রণালয়। এ ঘটনায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে ধর্ম মন্ত্রণালয়। এজেন্সি আল-আমানা ওভারসিজকেও আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।