প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ১০:৪১ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২ ১২:২৮ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমেরিকার ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে হোটেল লোটে প্যালেসে সাংবাদিকদের বিষয়টি নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। দুই নেতা কুশলবিনিময়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
একই দিনে জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য, জ্বালানি ও অর্থবিষয়ক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের তৈরি প্ল্যাটফর্ম ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ (জিসিআরজি) আয়োজিত গোলটেবিল বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রবা/এনএস/ এসআর