প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩ ২৩:২২ পিএম
ফাইল ছবি
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভার ও বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকোর ওয়েবসাইট হ্যাক করে প্রায় পৌনে তিন কোটি টাকা আত্মসাৎ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রবিবার রাজধানীর কাফরুল, মিরপুর ও গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শাহরিয়ার ইসলাম, আজীম হোসেন, শিমুল ভূঁইয়া, রুবেল মাহমুদ, ফয়সাল আহাম্মদ ও আনিচুর রহমান।
জানা গেছে, গত ১০ মে ‘সিএনএস লিমিটেড বাংলাদেশ’ (বিআরটিএর প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান) অভিযোগ করে, বিআরটিএর মোট ৩৮৯টি ট্রানজেকশনে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার গড়মিল পাওয়া গেছে। সিএনএসের ওয়েবসাইটে এসব ট্রানজেকশনের পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখালেও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়নি। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি একটি লিখিত অভিযোগ করলে অভিযানে নামে র্যাব।
খন্দকার আল মঈন জানান, চক্রটির হোতা কম্পিউটার প্রকৌশলী শাহরিয়ার। তার অন্যতম সহযোগী ছিলেন আজিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিএনএসের ওয়েবসাইট হ্যাক করে বিআরটিএর ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।
র্যাব কমান্ডার বলেন, অপরাধীরা গত ১২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত বিআরটিএর ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করে। এ ছাড়া ২০২২ সালের শেষের দিকে ডেসকোর ওয়েবসাইট হ্যাক করে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়।