প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩ ১২:৩০ পিএম
আপডেট : ২২ মে ২০২৩ ১৩:২০ পিএম
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র ফের নিষেধাজ্ঞা আরোপ করবে কি না, এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না জানি না। তারা তো বলেকয়ে কিছু করে না। তবে আমি আশা করছি, এ বিষয়ে আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে।’
সোমবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি একটি জাতীয় দৈনিক ‘বাংলাদেশের ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা আসছে’ বলে সংবাদ প্রকাশ করে। ‘মানবাধিকার ইস্যু ছাড়াও গণতন্ত্র খর্ব, রাজনৈতিক নিপীড়ন, দুর্নীতিসহ বিভিন্ন কারণে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর চলতি মাসেই নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা করা হচ্ছে’ বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।
এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘গতকাল কৃষিমন্ত্রীও বলেছেন দেশে স্যাংশনের কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। আমেরিকা তো হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। সম্প্রতি আমেরিকার একজন প্রতিনিধি এসেছিলেন, তার বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সে ক্ষেত্রে আপনারা যে তথ্য দিলেন এ বিষয়ে আমাদের জানা নেই।’
জাতীয় দৈনিকটির ওই প্রতিবেদনে পররাষ্ট্রমন্ত্রীর বিষয়ে উল্লেখ করা হয়, মন্ত্রী হওয়ার আগে একে আবদুল মোমেন একটি চীনা প্রতিষ্ঠানের লবিস্ট হিসেবে কাজ করতেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দৈনিক কালবেলা একটা রিপোর্টে যে তথ্য দিয়েছে, সেটা মিথ্যা তথ্য ও ভিত্তিহীন। সেখানে বলেছে, আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি; এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন, আমি সারা জীবন আমেরিকায় ছিলাম, সেখানে কাজ করেছি।’
‘আমেরিকায় গেলে সতর্ক থাকা উচিত’
গতকাল (২১ মে) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারা দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
নির্বাচন সামনে রেখে বিরোধী দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি পালন করছে, তা আরও ‘তীব্রতর’ হতে পারে এবং যেকোনো মুহূর্তে ‘সহিংসতায়’ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দেশটির নাগরিকদের সতর্ক থেকে চলতে বলা হয়েছে।
সতর্কতা বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জারি করা ওই সতর্কবার্তা ঢাকা এবং বাংলাদেশের অন্য শহরগুলোর জন্যও প্রযোজ্য হবে।
এ বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক। নির্বাচন হবে আরও সাত-আট মাস পর। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এ সতর্কতা দিল। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না।
এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষেপবে কেন? আমি জানি না, তারা কেন এটা করেছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এত ভালো হয়েছে যে পুলিশ কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধীকে ধরে নিয়ে আসে।’
এখন বরং আমেরিকায় ভ্রমণে গেলে সতর্ক থাকা উচিত বলে মনে করেন মন্ত্রী আবদুল মোমেন। বলেন, ‘তারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) খুব ভালো কাজ করছে। আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ আমেরিকায় গেলে সতর্ক করা উচিত; সেখানে শপিং মলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।’