প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩ ১০:৩৯ এএম
আপডেট : ২২ মে ২০২৩ ১৪:৪৩ পিএম
ভোলার ইলিশা-১ গ্যাসক্ষেত্র। ফাইল ছবি
ইলিশাকে নতুন গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করল সরকার। এর মধ্য দিয়ে ইলিশা-১ কূপ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিতি পাবে। ভোলায় আরও দুটি গ্যাসক্ষেত্র রয়েছে।
সোমবার (২২ মে) সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, ইলিশায় গ্যাস মজুদের পরিমাণ ২০০ বিলিয়ন ঘনফুট। প্রতিদিন ২০ মিলিয়ন ঘটফুট করে উত্তোলন করা হলেও এটি আগামী ২৫ থেকে ২৬ বছর উত্তোলন করা যাবে।
তিনি জানান, এই গ্যাসের বর্তমান বাজারমূল্য অন্তত ২৭ হাজার কোটি টাকা।
পাইপলাইনের মাধ্যমে ঢাকায় গ্যাস আসার বিষয়ে নসরুল হামিদ জানান, এখান থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আনা হবে। পাইপলাইন নির্মাণে ইতোমধ্যে জরিপ চালানো হচ্ছে। কার্যাদেশ দেওয়ার পর দুই বছর লাগবে পাইপলাইন নির্মাণ করতে।
দ্বীপজেলা ভোলার ইলিশা-১ নামের ওই কূপ থেকে গত এপ্রিলে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরিং কোম্পানি লিমিটেড বা বাপেক্স।
ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামে আলাদা আরও দুটি গ্যাসক্ষেত্র রয়েছে জেলাটিতে। সে দুটি গ্যাসক্ষেত্রে রয়েছে নয়টি কূপ। এসব কূপে গ্যাস মজুদের পরিমাণ ১ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট বলে নিশ্চিত করেছে বাপেক্স।
পাইপলাইন নির্মাণের আগ পর্যন্ত এসব গ্যাস পরিবহন করে ঢাকা ও এর আশপাশের শিল্প এলাকায় বিতরণ করা হবে বলে জানিয়েছে বাপেক্স।