রংপুর অফিস
প্রকাশ : ১৯ মে ২০২৩ ২০:২৩ পিএম
আপডেট : ১৯ মে ২০২৩ ২০:৪১ পিএম
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রবা ফটো
সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে এর প্রভাব এখনও পড়েনি। সরকার–নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে। সেই সঙ্গে দু-এক দিনের মধ্যে বাজারে পেঁয়াজের দাম না কমলে সরকার পেঁয়াজ আমদানি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (১৯ মে) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। পরিস্থিতি বিবেচনা করে আমাদের সহ্য করতে হবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, 'শুধু পেঁয়াজ ও চিনি নিয়ে একটু ঝামেলা চলছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় তার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তবে সরকার–নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা চলছে।'
কাঁচা বাজার নিয়ন্ত্রণ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, 'এটি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। কাঁচা বাজার ওঠানামা করে, কখনও শাক-সবজির দাম বাড়ে আবার কমে।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ অন্যরা।