প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩ ০০:৩৫ এএম
আপডেট : ১৮ মে ২০২৩ ১০:৫৯ এএম
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সংগৃহীত ফটো
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, বিদেশি কূটনীতিকদের আনসার বাহিনী কীভাবে অতিরিক্ত নিরাপত্তা (এসকর্ট) দেবে, তা চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বা রবিবারের (২১ মে) মধ্যে নোট ভার্বালের (কূটনৈতিকপত্র) মাধ্যমে দূতাবাসগুলোকে বিষয়টি জানানো হবে।
বুধবার (১৭ মে) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তারা (আনসার) তাদের সক্ষমতা সম্পর্কে তথ্য শেয়ার করেছে। আমরা এক ধরনের ধারণা পেয়েছি আমরা কোন পদ্ধতিতে বিদেশি মিশনে এ নিরাপত্তা সেবা পৌঁছে দেব। মিশনগুলো চাইলে আনসার সেবা দিতে প্রস্তুত রয়েছে।’
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেন, ‘কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা দিতে আনসার বাহিনী প্রস্তুত। আর্থিক বিষয় আলোচনা করে ঠিক করা হবে।’
এর আগে মঙ্গলবার পররাষ্ট্র সচিব বলেছিলেন, সরকার চার দেশের কূটনীতিকের জন্য ‘অতিরিক্ত নিরাপত্তা এসকর্ট’ প্রত্যাহার করায় বিকল্প হিসেবে ঢাকায় বিদেশি মিশনগুলোয় আধাসামরিক সহায়ক বাহিনী আনসারের পরিষেবাগুলোর প্রস্তাব করবে। তিনি আরও বলেছিলেন, সরকার ভিয়েনা কনভেনশনের অধীনে আয়োজক দেশ হিসেবে দায়িত্ব সম্পর্কে সচেতন এবং বিদেশি মিশন ও তাদের কর্মীদের নিয়মিত নিরাপত্তাব্যবস্থা অপরিবর্তিত রয়েছে।
গত সোমবার সরকার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ভারত— এ চার দেশের রাষ্ট্রদূতদের দেওয়া বাড়তি পুলিশি নিরাপত্তা (এসকর্ট) প্রত্যাহার করে নেয়। সরকারের পক্ষ থেকে তাদের জানানো হয়, রাষ্ট্রদূতদের নিয়মিত যে নিরাপত্তা দেওয়া হয়, তা অটুট থাকবে। বাড়তি নিরাপত্তা সুবিধা হিসেবে যানজট এড়ানোর জন্য অতিরিক্ত যে পুলিশ তাদের দেওয়া হয়েছিল, তা আর দেওয়া হবে না। কারণ যে ধরনের পরিস্থিতির কারণে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছিল, তার যথেষ্ট উন্নতি হয়েছে। এ ছাড়া পুলিশে জনবলেরও সংকট রয়েছে।