প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ১৮:০২ পিএম
ফাইল ছবি
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটো উড়োজাহাজের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই উড়োজাহাজের ডানা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
রবিবার (৩ জুলাই) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডানায় (উইং) বিমানেরই আরেকটি ৭৩৭ উড়োজাহাজের ডানা আঘাত করে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমান দুটির মধ্যে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিল। রাত ৯টা ২০ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়ার সময় সংঘর্ষ হয়।
সেখানে আগে থেকে রাখা বোয়িং ৭৩৭ এর বাম পাশের ডানায় সঙ্গে ড্রিমলাইনারের ডান পাশের ডানা আঘাত করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, “বিমানের প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনার কারণ, ক্ষতির পরিমাণ তদন্ত হওয়ার পর জানা যাবে।”
এর আগে, ১০ এপ্রিল বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানের একটি বোয়িংয়ের সঙ্গে আরেকটি বোয়িংয়ের ধাক্কা লাগে। এতে দুটো উড়োজাহাজই কিছু দিনের জন্য বসে যায়। এরপর ৪ জুন দাঁড়িয়ে থাকা একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ধাক্কা দেয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার একটি ব্যাগবাহী ট্রলি। ১৬ জুন বিমানের একটি বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ যাত্রী নামানোর পর অঘটনের শিকার হয়।
বর্তমানে বিমানের বহরে থাকা ২১টি উড়োজাহাজের মধ্যে ছয়টি ড্রিমলাইনার।