প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৩ ২০:৫৪ পিএম
আপডেট : ১৫ মে ২০২৩ ২১:০৩ পিএম
সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। ছবি : আলী হোসেন মিন্টু
বিদ্যমান সড়ক পরিবহন আইনে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে ঘাটতি রয়েছে। আইনে সর্বোচ্চ গতিসীমার ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এতে দুর্ঘটনা ও হতাহত কমছে না। এজন্য নিরাপদ সড়ক নিশ্চিতে জাতিসংঘ স্বীকৃত পাঁচটি স্তম্ভকে অগ্রাধিকার দিয়ে ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা আইন’ নামে নতুন আইন প্রণয়ন করতে হবে। সোমবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানায় রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ।
বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ-২০২৩ উদযাপনে এটির আয়োজন করে নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন সড়ক নিরাপত্তাসংশ্লিষ্ট এই জোট। ‘রিথিংক মোবিলিটি’ স্লোগানে আগামী ১৫ থেকে ২১ মে পর্যন্ত পালন হবে জাতিসংঘের সদস্য দেশগুলোর এই বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ।
নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ’বিদ্যমান আইন পাসের আগে বেশ কিছু বিষয় সুপারিশ করেছিলাম, তা রাখা হয়নি। সড়কে নিরাপত্তা নিশ্চিতে আইনটিতে কোনো শর্ত নেই। সড়ক দুর্ঘটনার তথ্য ও উপাত্ত সংগ্রহের বৈজ্ঞানিক ও স্বীকৃত কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। ফলে দুর্ঘটনার তথ্য নিয়ে ভিন্নতা দেখা যায়। বাংলাদেশ পুলিশের দেওয়া দুর্ঘটনার তথ্যের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে পার্থক্য থাকে প্রায় পাঁচ গুণ।’
তিনি বলেন, ’নিরাপদ সড়কের জন্য জাতিসংঘ স্বীকৃত পাঁচটি স্তম্ভ : নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক, নিরাপদ মোটরযান, নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনাপরবর্তী চিকিৎসা। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে দ্রুত একটি নতুন আইন করতে হবে।’
রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক রেজওয়ান আহম্মেদ বলেন, ’বিদ্যমান আইনে নিরাপদ সড়ক নিয়ে আলাদা অধ্যায় নেই। উল্লিখিত অনেক বিষয় অস্পষ্ট। তা ছাড়া সড়ক নিরাপত্তায় একটি সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ প্রয়োজন; যারা সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার এম খালিদ মাহমুদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক (রোড সেফটি) মাহফুজুর রহমান ভূঞা, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) রোড সেফটি প্রকল্পের ব্যবস্থাপক কাজী বোরহান উদ্দিন, নিরাপদ সড়ক চাইয়ের মহাসচিব লিটন এরশাদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামাল প্রমুখ।