প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৬:৫৮ পিএম
আপডেট : ১৫ মে ২০২৩ ১৭:৩৯ পিএম
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসকে পদ্মা সেতুর পেইন্টিং উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসকে পদ্মা সেতুর পেইন্টিং উপহার দেওয়ার বিষয়টিতে কোনো উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ মে) বিকাল ৪টায় গণভবনে তিনি এই সংবাদ সম্মেলনে আসেন।
সংবাদ সম্মেলনে তিনি তার ত্রিদেশীয় সফর নিয়ে প্রথমে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। পরে তার সফর নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে দেওয়া পদ্মা সেতুর পেইন্টিং উপহার দেওয়া নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে যে খুব ভালো পেইন্টার রয়েছে সেটা জানানোর জন্যই সেটি উপহার দেওয়া। আর বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় স্থান পদ্মা সেতু। এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই।’
এর আগে ত্রিদেশীয় সফরে ২৫ এপ্রিল জাপানের রাজধানী টোকিও পৌঁছান শেখ হাসিনা। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে আটটি চুক্তি হয়।
এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। যুক্তরাষ্ট্র সফরকালে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি।
এরপর রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে যুক্তরাজ্যে পৌঁছান শেখ হাসিনা। ৬ মে অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন। ৯ মে দেশে ফেরেন শেখ হাসিনা।