প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৩ ১২:৩৫ পিএম
আপডেট : ১৫ মে ২০২৩ ১৩:০৬ পিএম
চিত্রনায়ক ফারুক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বরেণ্য চিত্রনায়ক, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী সোমবার (১৫ মে) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, চিত্রনায়ক ফারুক ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল তারকা। তার অভিনীত চলচ্চিত্র দেশের শিল্প-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধসহ সংস্কৃতি অঙ্গনে তার অবদান দেশবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
চিত্রনায়ক ফারুক সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।