প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ১৬:৩৭ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২২ ১৮:১০ পিএম
সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক ওয়াল থেকে নেওয়া
পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (৪ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর।
গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথমবারের মতো স্থাপনাটির ওপর দিয়ে বাড়িতে গেলেন সরকারপ্রধান। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
গণভবন থেকে সকাল ৮টার পরপরই টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। যাত্রাপথে পদ্মা সেতুতে কিছুক্ষণ পায়চারি করে জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়ায় ছেলে ও মেয়েকে নিয়ে কিছুটা সময় বিশ্রাম নেন তিনি।
সোয়া ১০টার দিকে মাওয়া প্রান্ত থেকে টুঙ্গিপাড়ার পথে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর।
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি।
সেখানে বিভিন্ন সরকারি কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছে তার প্রেস উইং। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁর এ সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।