প্রবা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১২:২৬ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:২২ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজা চার্লস তৃতীয়। ফাইল ফটো
ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় বাকিংহাম প্যালেস থেকে স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেলিফোন করে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হতে যাওয়া তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে তিনি ধন্যবাদ জানান।
‘আপনার প্রয়াত মহামান্য মা আমার কাছে একজন মা ও কমনওয়েলথের একজন অসাধারণ প্রধানের মতো ছিলেন‘, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রধানমন্ত্রী রাজাকে আরও জানান, বাংলাদেশে তার সরকার প্রয়াত রানীর প্রতি সম্মান জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে। তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী রাজা চার্লস তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহনের জন্য অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন।
রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) ১৯৯৭ সালে বাংলাদেশ সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মাসে রাজা চার্লস এবং কুইন কনসোর্টকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
রাজা চার্লস বলেন, ‘কুইন কনসোর্ট এবং আমি ৫০তম বার্ষিকীতে বাংলাদেশ সফরের জন্য অনেক অপেক্ষায় ছিলাম। সাম্প্রতিক ঘটনাবলির কারণে দুর্ভাগ্যবশত আমাদের তা বাতিল করতে হচ্ছে।’
ব্রিটেনের রাজা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশি-ব্রিটিশ অভিবাসীদের শুভেচ্ছা জানান।
সোমবার (১৯ সেপ্টেম্বর) প্রয়াত রানী এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন রাজার কথা বলার জন্য বাকিংহাম প্যালেস ফোন কলের সময় নির্ধারণ করে।
প্রবা/রাই/ এসআর