প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৩ ০১:০৮ এএম
আপডেট : ০৯ মে ২০২৩ ১১:১৪ এএম
ফাইল ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর অত্যন্ত সফল। বিশ্ব অঙ্গনে শেখ হাসিনার উচ্চতা এবং তার সরকারের প্রতি বিশ্বসম্প্রদায়ের সমর্থন কোন জায়গায়, সেটি নিশ্চয়ই বিএনপি অনুধাবন করতে সক্ষম হয়েছে। সেটি করতে না পারলে বিএনপি ভুল করবে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরের শেষ পর্যায়ে এখন যুক্তরাজ্যে রয়েছেন, ৯ মে (আজ) তিনি দেশে ফিরে আসবেন। তার এই সফর অত্যন্ত সফল একটি সফর। জাপানের সরকার ও জনগণ রাষ্ট্রীয় সফরে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভাবনীয় মর্যাদা দিয়েছে এবং আমাদের নানা প্রকল্পে ৩০ বিলিয়ন ইয়েন সহায়তার চুক্তি সই করেছে। পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নেওয়া বিশ্বব্যাংক ভুল উপলব্ধি করে শেখ হাসিনাকে আমন্ত্রণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে এখন ২.২৫ বিলিয়ন ডলার সহায়তার চুক্তি স্বাক্ষর করেছে।’
সেইসঙ্গে যুক্তরাজ্যের নতুন রাজার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া জননেত্রী শেখ হাসিনার সঙ্গে রাজা চালর্সের সাক্ষাৎ ও কুশলবিনিময়ের কথা উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, শেখ হাসিনা হচ্ছেন আমার আইডল। শুধু তারই নয়, তার মেয়েদেরও আইডল। পাশাপাশি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কমনওয়েলথ মহাসচিবসহ অনেকেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।’
হাছান মাহমুদ বলেন, ‘এই সফরে বিশ্ব নেতৃবৃন্দ ও গণমাধ্যমকে প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন করার ঐকান্তিক ইচ্ছার কথা এবং সব পর্যবেক্ষককে নির্বাচন দেখার আমন্ত্রণ জানিয়েছেন। আর সেই সময় বাংলাদেশে বিএনপির নেতারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে। নির্বাচন প্রতিহত করার বা বর্জনের ঘোষণা গণতন্ত্রকে প্রতিহত করা বা ঠেকিয়ে দেওয়ার ঘোষণার মতো। আসলে বিএনপি দেশে গণতন্ত্র চায় না। বিএনপি সব সময় পানি ঘোলা করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিএনপি নির্বাচন বর্জন করতে পারে কিন্তু নির্বাচন বন্ধ করা কিংবা ঠেকিয়ে দেওয়ার ধৃষ্টতা দেখানোর সুযোগ নাই। এদেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দেবে না।’
ড. ইউনূসের বিষয়টি নোবেল পুরস্কারকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ড. ইউনূসের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাইÑ যেভাবেই হোক তিনি নোবেল লরিয়েট এবং একজন নোবেল লরিয়েটের বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে, অন্য কেউ নয়। এ রকম একজন নোবেল লরিয়েট শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেননি, বারবার তাগাদা দেওয়ার পরও বুঝিয়ে দেননি বরং অসাধু উপায়ে সেটি সুরাহা করার অপচেষ্টা চালিয়েছিলেন। এসব অভিযোগ গুরুতর এবং অত্যন্ত দুঃখজনক। এগুলো আসলে নোবেল পুরস্কারকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করছে।
হাছান মাহমুদ বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। ড. ইউনুসের আবেদন খারিজ করে আদালত বলেছে মামলা চলবে। আশা করব, মামলা নিষ্পত্তি হওয়ার আগেই তার পক্ষ থেকে পাওনা পরিশোধ করে দিয়ে বিষয়টি ফয়সালা করা হবে।