× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ২০:৩২ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ২১:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২ মে) দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানে বিশেষজ্ঞ কমিটির সভা থেকে এ পূর্বাভাস দেওয়া হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

আবহাওয়ার এই দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

এর আগে ২৬ এপ্রিল কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেছেন, ৮ থেকে ৯ মের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে লঘুচাপ সৃষ্টি হয়ে ১০ মের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। পরদিন ১১ মে এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এটি ১৪ মে মধ্যরাতের পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে সরাসরি স্থলভাগে আঘাত করতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের সর্বশেষ তথ্য তুলে ধরে গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, স্থলভাগে আঘাত করার সময় এটি খুবই শক্তিশালী হবে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১৪০ থেকে ১৭০ কিলোমিটার। এ ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বড় হুমকি হবে জলোচ্ছ্বাস। ১৪ মে সন্ধ্যার পর থেকে যদি ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানা শুরু করে, তবে কমপক্ষে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চর ও উপকূলীয় এলাকাগুলো। ঘূর্ণিঝড়টির সৃষ্টি ও স্থলভাগে আঘাত করার সময় যদি মাত্র তিন দিন পিছিয়ে ১৭-১৮ মে হয়, তবে ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। কারণ ১৮ মে অমাবস্যার রাত।

চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। এ মাসের ১-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি, তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি), দেশের অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি), মাঝারি (৩৮-৪০ ডিগ্রি) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। 

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহই থাকতে পারে। তবে উজানে (ভারতে) ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা হতে পারে। এতে কৃষি আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, মে মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণ ৬.৫-৮.৫০ ঘণ্টা থাকতে পারে। 

গত এপ্রিল মাসের বিশ্লেষণে বলা হয়েছে, এপ্রিলে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম মাইনাস ৬৬ দশমিক ৪ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। এ সময় ৪-১২ এপ্রিল পর্যন্ত মৃদু থেকে মাঝারি, ১৩-২২ পর্যন্ত মাঝারি থেকে তীব্র, ২৪-৩০ পর্যন্ত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। ঢাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ২৭ এপ্রিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ এপ্রিল ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা