প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ০১:১২ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১০:৫৯ এএম
সংগৃহীত ছবি
দেশের সব পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার বিপণিবিতানগুলোয় পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সম্প্রতি অগ্নিদুর্ঘটনাগুলো পর্যালোচনা ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট সমসাময়িক বিষয়ে ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শামছুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের কাছে পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হেমায়েত আকবর টিপু সোমবার (২৪ এপ্রিল) রাতে প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের মার্কেটের অগ্নিনির্বাপণ যন্ত্র সচল রাখা এবং পর্যাপ্ত পানি ও ফায়ার হাইড্র্যান্ট স্থাপন করতে বলা হয়েছে। তা ছাড়া মার্কেটে রাসায়নিক দ্রব্য ও দাহ্য পদার্থ থাকলে সেগুলোও সরিয়ে ফেলার এবং ‘স্মোক ডিটেক্টর’ বসাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে : সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার মার্কেটগুলোর ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে দিনে ও রাতে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার, নিশ্চিত করতে হবে। যেসব মার্কেটে সিসি ক্যামেরা আছে, তা সচল রাখার ব্যবস্থা নিতে হবে।
চিঠিতে যেসব মার্কেটে ক্যামেরা নেই, সেগুলোয় ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার তথ্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনে শেয়ার করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে : যেসব মার্কেটে জায়গা অপ্রতুল, কিন্তু লোকসমাগম বেশি হয়, সেসব মার্কেটে অগ্নিপ্রতিরোধে স্মোক ডিটেক্টর লাগানোর উদ্যোগ নিতে হবে। মার্কেটগুলোয় বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সেবার সংযোগ সঠিক ও নিরাপদ আছে কি না, তা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সার্টিফিকেশন নিশ্চিত করতে হবে। যেসব মার্কেটের দোকান ও গোডাউনে রাসায়নিক দ্রব্য ও দাহ্য পদার্থ রয়েছে অথবা রাসায়নিক দ্রব্যের কারখানা রয়েছে সেগুলো দ্রুত অন্যত্র নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা নিতে হবে। সব মার্কেটে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্র সচল রাখতে হবে এবং পর্যাপ্ত ওয়াটার, ফায়ার হাইড্র্যান্ট স্থাপনের ব্যবস্থা নিতে হবে।
তা ছাড়া মার্কেটগুলোয় পর্যাপ্ত আলোবাতাসের চলাচল নিশ্চিত রাখতে বলা হয়েছে। যেসব মার্কেটে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে, তা যেন পর্যাপ্ত, কার্যকর ও সচল থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্থানীয় সরকার বিভাগ। এসব নির্দেশনা বাস্তবায়নে নেওয়া সুনির্দিষ্ট পদক্ষেপ ও কার্যপদ্ধতি দ্রুত স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।