প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ০৯:২৫ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১১:২৭ এএম
ছবি প্রতীকী
পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর মঙ্গলবার (১৮ এপ্রিল)। মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত রাত এটি। সিয়াম সাধনার রমজান মাসের এ রাতে পবিত্র কুরআন নাজিল হয়। রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবেকদর পালন করা হয়। ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাত কাটাবেন।
ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানব জাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। ইসলাম ধর্মে বলা হয়েছে, অন্যান্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবেকদরের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কুরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন।
শবেকদর উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘বিশ্বের বিভিন্ন স্থানে করোনা মহামারি, সংঘাত, যুদ্ধবিগ্রহ, অভাব-অনটনসহ বিভিন্ন কারণে হাজার হাজার মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। আসুন, শবেকদরের এই পবিত্র রজনিতে আমরা এসব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।’ পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।