প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৫:৩৮ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৫:৫৯ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা দেখেছি, গৃহীত ও প্রত্যাখ্যাত মনোনয়নপত্রের পরে আমাদের কাছে আপিল করা হয়। এ ক্ষেত্রে আমাদের কর্মকর্তারা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।’
তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত কর্তৃপক্ষ নই। আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। কাজেই আমরা যে আপিলটা শুনব, আমাদের রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেবেন, তা যেন সঠিক ও শুদ্ধ হয়। তাহলে সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে। সেটা সবার জন্যই ইতিবাচক। সেজন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাতিল করার সময় কী কারণে করবেন এবং অর্ডারটা কীভাবে লিখবেন, সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।’
সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা যত্নসহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে মনোয়নপত্র বাতিল করলে আমাদের সহযোগিতা হবে।’