প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:১২ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৪ পিএম
বৃষ্টির কারণে রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে বনানী থেকে তোলা। ছবি : হারুন-অর-রশীদ
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানী ও এর আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। এতে ঢাকার অদূরে গাজীপুরের বেহাল সড়কে পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় যানজট। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গাজীপুর থেকে এ যানজট গুলশান ও মগবাজার পর্যন্ত পৌঁছায়। নগরবাসীকে পোহাতে হয়েছে দুর্ভোগ। এ কারণে সকালে অফিসগামী যাত্রীদের বেশির ভাগই যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।
ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঢাকা থেকে গাজীপুরমুখী সড়কে সকাল থেকে যানজট সৃষ্টি হয়েছে। যার প্রভাব গুলশান এলাকা পর্যন্ত পড়ছে। তবে ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
আকস্মিক তীব্র যানজটের কারণ উল্লেখ করে তিনি বলেন, গাজীপুরে প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ চলছে। এর মধ্যে সকালে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। এ কারণে ভোর থেকে যানবাহন ধীরগতিতে চলছে। পরে অফিসমুখী মানুষ বের হতে শুরু করলে সৃষ্টি হয় যানজট। যা দুপুর দেড়টা পর্যন্ত অব্যাহত ছিল।
বৃষ্টির কারণে রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছবি : প্রবা
জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ থাকায় রাজধানীর প্রবেশমুখ আব্দুল্লাহপুর, হাউসবিল্ডিং পর্যন্ত যানজট হয়। যানবাহন চলাচল স্বাভাবিক ও যানজট নিয়ন্ত্রণে সড়কে কাজ করে পুলিশের ট্রাফিক বিভাগ। যেসব রাস্তায় পানি জমে যানবাহন চলাচল বন্ধ হয়, সেখানে পানি সেচতে স্থানীয়দের কাছে লাগিছে তারা।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় মেট্রোরেলের কাজ চলমান থাকায় সড়কের বিভিন্ন জায়গায় বড় গর্ত ও ভাঙা রয়েছে। বৃষ্টির কারণে এসব এলাকায় যানজটের সৃষ্টি হয়।
কিশোরগঞ্জ জেলার মোহাম্মদ আলম বলেন, সকাল সাড়ে ৭টায় মিরপুর-১ থেকে রওনা দিয়ে সেগুনবাগিচা পৌঁছাতে ৯টা বাজে।
পেশাগত কাজে বাড্ডার বাসা থেকে প্রেসক্লাব এলাকায় আসেন সাদ্দাম হোসেন। নিজের মোটরবাইকে চড়ে আসতে তার এক ঘণ্টা সময় লেগেছে। তিনি বলেন, হঠাৎ করে আজ সড়কে তীব্র যানজটের দেখা পাই। মোটরবাইকে চড়ে প্রেসক্লাবে আসতে আমার সাধারণত এত সময় আগে কখনও লাগেনি।
বৃষ্টিতে রাজধানীর কালশীর রাস্তায় পানি জমে যায়। ছবি : প্রবা
রাজধানীর কাকরাইল মোড়, রামপুরা, মৌচাক মালিবাগ, বাংলামোটর, মহাখালী ও কুড়িল ফ্লাইওভারেও ছিল যানজট। তবে গুলিস্তান, মতিঝিল, ফকিরাপুল, দৈনিক বাংলা মোড় ও প্রেসক্লাব এলাকায় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
নগরীর যানজট সৃষ্টির কারণ হিসেবে ট্রাফিকের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। তবে এখন যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
প্রবা/এইচকে/ এসআর