প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৩ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৬ পিএম
স্বাস্থ্য খাতের উন্নয়ন ও রোগ নির্ণয়ের যন্ত্রপাতি কেনার আগে সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (ইনমাস) মিটফোর্ড, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও বগুড়ার সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
প্রকল্পের মোট ব্যয় ২১৪ কোটি ৭৯ লাখ টাকা। ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সভা শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন।
একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে বলেন, ‘স্বাস্থ্য খাতের যন্ত্রপাতি কেনার আগে প্রশিক্ষণ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। যাতে করে সরকারি টাকায় কেনা যন্ত্রপাতির সঠিক ব্যবহার পায় জনগণ।’
নিজের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমি চাকরি জীবনে যখন মাঠপর্যায়ে ছিলাম তখন দেখছি অনেকে স্বাস্থ্যের যন্ত্রপাতি খুলতেই পারে না। তাহলে কীভাবে মানুষ সঠিক সেবা পাবে।’
‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পটিতে ৯৮ কোটি ৩৪ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। পুষ্টির চাহিদা মেটানো ও দারিদ্র্য দূরীকরণে সারা দেশে মাশরুম চাষ সম্প্রসারণ করবে সরকার। জুলাই ২০২২ হতে জুন ২০২৭ মেয়াদে এ উদ্যোগ নেওয়া হবে।
অনুৎপাদনশীল স্বল্প পরিমাণ জমিতে মাশরুম উৎপাদন করা যায়। বাংলাদেশের আবহাওয়া বছরব্যাপী মাশরুম চাষের উপযোগী। হোটেল, রেস্টুরেন্ট এবং উচ্চবিত্তদের কাছে মাশরুমের পর্যাপ্ত চাহিদা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগ্রহী উদ্যোক্তাদেরকে মাশরুম চাষে সম্পৃক্ত করতে প্রকল্পটি গ্রহণের প্রস্তাব করা হয়েছে।
এ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, কোনো জমি অনাবাদি না রেখে চাষাবাদ বাড়াতে হবে। জমির সর্বোত্তম ব্যবহার করতে হবে। প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি।
প্রবা/ইউরি/এমজে