প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৫:৫৬ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ১৬:১৬ পিএম
কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ফাইল ছবি
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলস্টেশনগুলোতে এক্সেস কন্ট্রোল করা হবে এবং টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে না। রবিবার (১৬ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ’ঈদযাত্রার অন্যতম মাধ্যম রেলওয়ে। ঈদের সময় যাত্রীদের প্রচণ্ড চাপ তৈরি হয়। এই চাপ সামলানোর জন্য মন্ত্রণালয় ও রেলের পক্ষ থেকে যেসব প্রস্তুতি নেওয়া দরকার, তা নেওয়া হয়েছে। এ বছর ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পর পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হয়েছে। ইতোমধ্যেই টিকিট বিক্রি হয়ে গেছে এবং সোমবার (১৭ এপ্রিল) থেকে ঈদের ট্রেন চলা শুরু হবে।’
নূরুল ইসলাম সুজন আরও বলেন, ’১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড় নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকার বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না, কারণ যাত্রীরা এসব ট্রেনে বিমানবন্দর থেকে সিট দখল করেন। অতীতে বিভিন্ন সময় যাত্রীদের চাপে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতো, আমরা এবার সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর স্টেশনে অস্থায়ী বাঁশের বেড়া স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা সারিবদ্ধভাবে টিকেট প্রদর্শন করে ঢুকতে পারে এবং টিকিটবিহীন কোনো যাত্রী ঢোকার সুযোগ না পায়।’
সিডিউল বিপর্যয়ের বিষয়ে মন্ত্রী বলেন, ’আমাদের রেল লাইনের বেশিরভাগই সিঙ্গেল লাইন, তাই কোনো একটি ট্রেনের ১০ মিনিট বিলম্ব হলে অনেক ট্রেনকে বিলম্বের মুখে পড়তে হয়। তা ছাড়া এখন তাপমাত্রা অনেক বেশি, তাই গতি কম রাখতে হচ্ছে।’ কাজেই এই বিষয়গুলোকে সামনে রেখে যাত্রীসাধারণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
স্টেশন পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলীসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।