প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ০১:১৩ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ০৮:৫৯ এএম
নিউ সুপার মার্কেটে আগুন। ফোকাস বাংলা ফটো
ঈদের বাকি আর মাত্র এক সপ্তাহ। বেচাকেনার এখনই মোক্ষম সময়। তাই আর দেরি করতে চান না ব্যাবসায়ীরা। রবিবার (১৬ এপ্রিল) থেকেই নিউ সুপার মার্কেটসহ আশপাশের দোকান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
শনিবার (১৫ এপ্রিল) রাতে একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।
নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতির কাছে অন্য অতিথিদের প্রশ্ন ছিল কবে নাগাদ খোলা হবে নিউমার্কেট? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রবিবার সকাল ১১টা থেকে নিউ মার্কেট ও আশপাশের সব মার্কেটে খুলে দেওয়া হবে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিউ সুপার মার্কেটের কিছু দোকান খোলার উপযুক্ত আছে বলে তিনি আশা প্রকাশ করেন।
মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিউ মার্কেটের সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে। এ তথ্য শনিবার সকালে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বরাত দিয়ে মার্কেটের নিরাপত্তা কমান্ডার মো. ভুলু গণমাধ্যম কর্মীদের জানান।
তবে সন্ধ্যা থেকে এ সিদ্ধান্তের বিরোধিতা করেন সাধারণ ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে রবিবার থেকেই দোকান খুলে বেচাকেনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
দোকান মালিক সমিতির সভাপতি বলেন, নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর থেকেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর থেকে বিদুৎ সরবরাহ করা হয়েছে। ফলে সকাল থেকে পুরোপুরি বেচাকেনা শুরু হচ্ছে নিউ মার্কেট ও আশপাশের মার্কেটে।
মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে মার্কেটের প্রতিটি দোকানে অগ্নি নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় এরি মধ্যে কিছু কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান এই ব্যবাসয়ী নেতা।