প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৫:৫০ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৯:১০ পিএম
শনিবার বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। প্রবা ফটো
দাবদাহের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
এতে করে শিডিউল বিপর্যয়ের শঙ্কা আছে কি না, প্রশ্নের জবাবে তিনি বলেছেন, গতি কমিয়ে ট্রেন চালানো হলে তা সমন্বয় করা হয়। এতে বিলম্ব হতে পারে। কিন্তু শিডিউল বিপর্যয় হবে না।
ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে শনিবার (১৫ এপ্রিল) ঢাকার বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
নূরুল ইসলাম সুজন বলেন, ‘৭০ কিলোমিটার গতিতে চলা ট্রেনকে ৪০ কিলোমিটার গতিতে চালনো হলে সে অনুযায়ী সময় নিয়ে আমাদের সমন্বয় করতে হবে। এতে বিলম্ব হবে। শিডিউল বিপর্যয় হবে না। বিপর্যয় হলো, দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা। বিলম্বকে যদি আপনারা বিপর্যয় বলেন, তাহলে আমাদের ওপর অবিচার করা হয়।’
তিনি জানান, দাবদাহের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ট্রেন ধীরগতিতে চালানো হচ্ছে।
এদিকে ঈদ যাত্রায় রেল স্টেশনে টিকিট বিহীন প্রবেশ বন্ধ, ট্রেনের ছাদে ভ্রমণ রোধ ও বিমানবন্দর স্টেশনে যাত্রীদের ভোগান্তি দূর করতে নির্দেশ দেন রেলমন্ত্রী।