প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১৬:১৯ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১৯:০১ পিএম
সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ডা. জাফরুল্লাহ চৌধুরীর পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি
চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (১৪ এপ্রিল) জুমার নামাজ শেষে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে তার পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ৩টার দিকে নিজ হাতে গড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের বাম পাশে তাকে সমাহিত করা হয়।
পিএইচএ মাঠের জানাজায় অংশ নেন প্রায় ১০ হাজার মানুষ। ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিস হাসান চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। বিশেষ করে তার জানাজায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাফরুল্লাহ চৌধুরীর মরদেহবাহী গাড়িটি পিএইচএ ভবনের সামনে রাখা হয়। এ সময় সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয়।
দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।