সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ২০:৫৯ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ২১:২৩ পিএম
লাশবাহী ফ্রিজার ভ্যানে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার পৌঁছায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। প্রবা ফটো
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছে। তার মরদেহটি লাশবাহী ফ্রিজার ভ্যানে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের আশুলিয়ায় মির্জানগরে গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায়। এ দিন বিকাল ৪টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চতুর্থ জানাজা শেষে সাভারের উদ্দেশে রওনা দেয় লাশবাহী গাড়িটি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ জানান, জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করা হবে। জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সুচনা ভবনের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনির জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছিল তার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হয়। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হেদায়েতুল ইসলাম।