প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ২২:০৪ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ২২:১৪ পিএম
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি
বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু দেশের জন্য বড় ক্ষতি বলে মনে করে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস। শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থান নিয়ে কাজ করা এই সংগঠনটি আরও মনে করে জাফরুল্লাহর মৃত্যুতে জাতি একজন জাতীয় বিবেককে হারিয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সংগঠনটির আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এনায়েতুল্লাহ কৌশিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী পাকিস্তান আমল থেকে ন্যায়ের পক্ষে আন্দোলন শুরু করেন। পড়ালেখাকালীন দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে আজীবন দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা নিয়ে যেতে কাজ করেছেন। এ ছাড়াও দেশ ক্রান্তিলগ্ন থেকে উত্তরণে প্রতি মুহূর্তে প্রচেষ্টা চালিয়ে গেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতে উন্নত স্থানে উন্নীত করুন। একই সঙ্গে তার পরিবার-পরিজনকে এ শোক সইবার শক্তি দিন।