প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৭:২২ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৭:৪৯ পিএম
শ্রীলঙ্কার বিদায়ি হাইকমিশনার অধ্যাপক সুদর্শন ডিএস সেনেভিরাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন। ছবি : ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ও কলম্বোর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিনিয়োগ, কৃষি, মৎস্য, ওষুধ, সামুদ্রিক যোগাযোগ ও উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রচুর সম্ভাবনা রয়েছে।’
বুধবার (১২ এপ্রিল) ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার বিদায়ি হাইকমিশনার অধ্যাপক সুদর্শন ডিএস সেনেভিরাইন প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে বিশেষ করে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। যা ঐতিহাসিক বন্ধন এবং ব্যাপক অভিন্নতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ঐতিহাসিক বন্ধন রয়েছে, যেখানে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।’
ইহসানুল করিম উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার হাইকমিশনার উভয়েই ‘সুনীল অর্থনীতির’ ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ’বাংলাদেশের উন্নয়ন কর্মসূচির ৯০ শতাংশ এখন দেশীয় সম্পদ থেকে অর্থায়ন করা হয়। কোভিড-১৯ মহামারির কারণে সারা দেশে উন্নয়ন প্রক্রিয়া কিছুটা থমকে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ এই অবস্থা থেকে ফিরে আসার জন্য সংগ্রাম ও কঠোর পরিশ্রম করছে।’
বাংলাদেশে হাইকমিশনার সফলভাবে দায়িত্ব পালন সম্পন্ন করায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান।
অধ্যাপক সুদর্শন ডিএস সেনভিরাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। হাইকমিশনার বলেন, ’পদ্মা সেতুর মতো মাতারবাড়ী ও পায়রা বন্দর প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ কানেক্টিভিটির বড় আঞ্চলিক হাবে পরিণত হবে।’
তিনি বলেন, তার দেশ বাণিজ্য, পর্যটন, গভীর সমুদ্রবন্দর এবং ওষুধ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী। পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের ভারসাম্য রক্ষার ফর্মুলার প্রশংসা করেন তিনি। বাংলাদেশে অবস্থানকালে এ দেশের জনগণের সঙ্গে মিশে গিয়েছিলেন বলে জানান হাইকমিশনার।
এ সময় অ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস