প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৫:২৮ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৭:২২ পিএম
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ফটো
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১২ এপ্রিল) সকালে পাঠানো এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধকালে ফিল্ড মেডিকেল টিমের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, জনস্বাস্থ্য উন্নয়ন এবং ওষুধ শিল্পে ডা. জাফরুল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
শিক্ষামন্ত্রী ডা. জাফরুল্লাহ চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।