প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৪:৫৪ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৪:৫৭ পিএম
মক্কা শরীফ। ফাইল ছবি
চলতি বছরের নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে। সারা দেশে একসঙ্গে এ বায়োমেট্রিক ভিসা আবেদন নেওয়া হবে। বুধবার (১২ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সব জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স, ওয়াকফ প্রশাসকের কার্যালয়, ঢাকা ও হজ অফিস, আশকোনা, ঢাকায় বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের যেখানে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করবেন সেখানে তাদের পাসপোর্ট জমা দেবেন ও রশিদ গ্রহণ করবেন।
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা স্ব-স্ব এজেন্সির মাধ্যমে এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক ভিসা আবেদনের পরে পাসপোর্টগুলো স্ব-স্ব এজেন্সির কাছে জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন।
সৌদি সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে হজ এবং ওমরাহ যাত্রী বাংলাদেশিদের সৌদি ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন (আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) সম্পন্ন করতে হয়।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। মঙ্গলবার হজের নিবন্ধনের সময় শেষ হয়েছে।