প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ২১:২৯ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ২৩:৫০ পিএম
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সংগৃহীত ফটো
লাইফ সাপোর্টে থাকা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর রক্তের ইনফেকশন (সংক্রমণ) নিয়ন্ত্রণে দেওয়া ওষুধে ইতিবাচক সাড়া মিলছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফী।
জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসকের বরাতে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রতিদিনের বাংলাদেশকে তার শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে দুপুর থেকে জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালাইসিস শুরু হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা. মামুন মোস্তাফী।
জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, এদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ডের বৈঠকের পর জাফরুল্লাহ চৌধুরীর রক্তে সংক্রমণের কথা জানানো হয়, যা নিয়ন্ত্রণে মেডিকেল বোর্ডের দেওয়া ওষুধে ইতিবাচক সাড়া মিলেছে।
তিনি আরও বলেন, সকাল ১০টায় নগর হাসপাতালে জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা বিবেচনা করে মেডিকেল বোর্ড এক জরুরি বৈঠকে বসে। এতে নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এবিএম আবদুল্লাহ, অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক আলী আহমেদ, কার্ডিওলজির অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক শফিকুল বারীসহ গণস্বাস্থ্য কেন্দ্রের সংশ্লিষ্ট চিকিৎসকরা ছিলেন।
৩ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাফরুল্লাহ চৌধুরী। গত রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছেন। কোভিড আক্রান্ত হওয়ার পর কিডনি সমস্যার পাশাপাশি লিভারেও সমস্যা দেখা দেয়।