প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ০০:৪১ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১০:৫৯ এএম
দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাই করে সুপারিশ দিতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করেছে সরকার। এতে প্রধান করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে।
সোমবার (১০ এপ্রিল) এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বাছাই কমিটির সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান, মহাহিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও সর্বশেষ অবসরে যাওয়া মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে : বাছাই কমিটি উপস্থিত সদস্যদের অন্যূন তিনজনের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি কমিশনারের শূন্যপদের বিপরীতে দুজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করবে। আর অন্যূন চার সদস্যের উপস্থিতিতে কোরাম গঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বাছাই কমিটির কাজ সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।