প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ০১:১৮ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১০:৩১ এএম
সৈয়দা সাজেদা চৌধুরী
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
সাজেদা চৌধুরীর ছেলে শাহাদাব আকবর চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মা বেশ কিছুদিন ধরেই অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির বাসায় ছিলেন। শারীরিক অবস্থা জটিল হয়ে পড়লে গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান জানান, আজ সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর দ্বিতীয় জানাজা হবে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায়। এরপর বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৩৫ সালের ৮ মে মাগুরায় জন্ম সাজেদা চৌধুরীর। তার বাবা সৈয়দ শাহ হামিদ উল্লাহ, মা সৈয়দা আছিয়া খাতুন। সাজেদার স্বামী রাজনীতিবিদ এবং সমাজকর্মী গোলাম আকবর চৌধুরী।
১৯৫৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন সাজেদা চৌধুরী। ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন সাজেদা। আওয়ামী লীগের পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক হিসেবে ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯২ সাল থেকে আমৃত্যু ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।
২০১৯ সালে ফরিদপুর-২ আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সাজেদা চৌধুরী। এরপর টানা তৃতীয়বারের মতো সংসদ উপনেতা নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন সাজেদা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক, বাংলাদেশ গার্ল গাইডসের ন্যাশনাল কমিশনার, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
২০১০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন সৈয়দা সাজেদা চৌধুরী।
/ এসআর