প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ২১:১৬ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ২১:২৯ পিএম
সংগৃহীত ফটো
তফসিল ঘোষণার পর স্থগিত করা হলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচন। রবিবার (৯ এপ্রিল) অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন স্থগিতের ঘোষণা করা হয়। প্রায় ছয় বছর পর আগামী ১৩ মে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হওয়ার কথা ছিল।
রিটার্নিং কর্মকর্তা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রঞ্জিত কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার নির্বাচন কমিশনের অষ্টম সভার সিদ্ধান্তক্রমে নির্বাচন স্থগিত করা হলো।
১৪ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ গঠিত কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। ওই কমিটির চেয়ারম্যান ছিলেন হেলাল মোর্শেদ খান। মহাসচিব ছিলেন এমদাদ হোসেন মতিন। সংসদের কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলা কমান্ড পরিচালনার জন্য এক মাসের বেশি সময় পর ১৯ জুলাই প্রশাসক নিয়োগ করে সরকার। এরপর থেকে প্রশাসক দিয়েই চলছে কার্যক্রম। প্রায় ছয় বছর পর ২০২১ সালের ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করে মুক্তিযোদ্ধা সংসদের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।