কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২২:১২ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২৩:৪৭ পিএম
পবিত্র আল-আকসা প্রাঙ্গণ। সংগৃহীত ফটো
সম্প্রতি গাজা উপত্যকা ও পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার (৮ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির নির্বাহী কমিটির জরুরি বৈঠকে বাংলাদেশ এ নিন্দা জানায়।
ওআইসিতে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আবুল হাসান মৃধা ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে আবুল হাসান বলেন, ‘ইসরায়েলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনের জনগণের মৌলিক নাগরিক অধিকার খর্ব করা, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের জন্য বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ বিশ্বাস করে যে, ধর্মের স্বাধীনতাকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে ধরে রাখতে হবে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং ফিলিস্তিনের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।’
তিনি বলেন, ‘ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের মাতৃভূমিকে রক্ষার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ আন্তর্জাতিক নিয়মের বিরুদ্ধে অধিকৃত ভূখণ্ডে বারবার এ ধরনের সহিংসতা বন্ধ করতে এবং ঘৃণাত্মক বক্তব্য বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।’
আবুল হাসান আরও বলেন, সহিংসতা বন্ধে চলতি বছরের শুরুতে জর্ডানের নেতৃত্বে সংলাপের প্রশংসা করে বাংলাদেশ। তবে দখলদার বাহিনী সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে। বাংলাদেশ ওআইসিকে জাতিসংঘসহ যেকোনো আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিন ইস্যুতে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানায়। একটি স্বাধীন দেশ এবং একটি সার্বভৌম এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের অধিকারের প্রতি বাংলাদেশ তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
বৈঠকে সভাপতিত্ব করেন ওআইসিতে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ড. সালেহ সুহাইবান। ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা ও বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।