প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২২ ১৯:৫৩ পিএম
ভেসে আসা মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের ঝাউবন পয়েন্টে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন। ডলফিনটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে স্থানীয় জেলেরা এটিকে দেখতে পান।
এর আগে গত ১৪ মে কুয়াকাটা সমুদ্রসৈকতের পশ্চিম দিকের সানরাইজ পয়েন্টে একটি মৃত ডলফিন ভেসে আসে। এ নিয়ে চলতি বছর কুয়াকাটা ও গঙ্গামতি সৈকতে মৃত ও জীবিত ১৩টি ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, ভেসে আসা ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট ও প্রস্থ আড়াই ফুটের মতো।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য মো. জুয়েল মিয়া জানান, ডলফিনটি অনেক দিন আগে মারা গেছে। যে কারণে পচে-গলে গেছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দল নেতা রুমান ইমতিয়াজ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ডলফিনটিকে উদ্ধার করে মাটিচাপা দিয়েছি। এ নিয়ে চলতি বছর কুয়াকাটা ও গঙ্গামতি সৈকতে মৃত ও জীবিত ১৩টি ডলফিন ভেসে এসেছে।’