প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৫:৪০ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৬:১৬ পিএম
পুলিশ হেডকোয়ার্টারের সামনে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রবা ফটো
আগুনে পুলিশ হেডকোয়ার্টারে পাঁচতলার একটি ব্যারাক পুড়ে গেছে। পুড়ে গেছে ডিএমপি এক্সচেঞ্জও। তবে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ কথা জানান।
এ দিন সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। পরে তা পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশে ছড়িয়ে পড়ে।
আইজিপি বলেন, ‘আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের সদস্যরাও কাজ করছেন। আমাদের পক্ষ থেকে ২ লাখ লিটার পানি সরবরাহ করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের ২ হাজার ফোর্স উপস্থিত ছিল। আমরা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছি। আমাদের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, আনসার সদস্যরা সমন্বয় করে কাজ করছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলার বিষয়ে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন যে সেখানে হাজার হাজার লোক ছিল। আমরা খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। যারা হামলায় জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’