প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ২৩:২৬ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১১:১২ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগৃহীত ফটো
অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবার গণভবনে ইফতার পার্টি করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ খবর দেন।
তুষার বলেন, প্রধানমন্ত্রী এবার গণভবনে আনুষ্ঠানিক কোনো ইফতার আয়োজন রাখেননি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতার সাদামাটা। ব্যক্তিগত ইফতারে তিনি কৃচ্ছ্রসাধন করেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ী নীতি অবলম্বন করছেন, তার অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি আয়োজন করবেন না।
বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে প্রায় ২৫ কোটি টাকা সাশ্রয় করেছে বলে জানান তুষার।
বিগত বছরগুলোয় বিশেষ করে করোনা মহামারির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিক-কূটনীতিকসহ বিভিন্ন পেশাজীবীর সম্মানে ইফতার পার্টি আয়োজন করতেন।