প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২২ ১৯:১২ পিএম
সাভারের আশুলিয়ায় জরিমানার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রিকশাচালকরা। এ ঘটনায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের পল্লীবিদ্যুৎ-পলাশবাড়ী ইউটার্নে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন রিকশাচালকরা।
রিকশাচালকরা অভিযোগ করে বলেন, রিকশা নিয়ে মহাসড়কে না উঠলেও হাইওয়ে পুলিশ রিকশা ধরে ২৬শ’ টাকা জরিমানা করে। আমরা গরিব মানুষ, দিন আয় করে দিন খাই। এক মাসে কয়েকবার পর্যন্ত জরিমানা আদায় করে পুলিশ। আমাদের রিকশা ধরলে আন্দোলন চলতে থাকবে।
রিকশাচালক বাচ্চু বলেন, আমি শাখা সড়কে রিকশা চালাই। মহাসড়কের মুখ থেকে আমার রিকশা এই মাসে ৪ বার ধরে নিয়ে যায় হাইওয়ে পুলিশ। এই মাসেই আমার কাছ থেকে জরিমানা নিয়েছে ১০ হাজার ৪০০ টাকা। এভাবে চলতে থাকলে আমাদের পরিবার না খেয়ে মরে যাবে।
চন্দ্রামুখী মৌমিতা বাসের চালক আনোয়ার বলেন, ১১টা থেকে পল্লীবিদ্যুতে বসে আছি। সড়ক বন্ধ করে রেখেছে রিকশাচালকরা। যাত্রীরা প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে গেছে। সড়ক ছেড়ে দিলে আমরা ও আমাদের যাত্রীরা বাঁচে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মহাসড়ক অবরোধের বিষয়ে আশুলিয়া থানা পুলিশসহ আমাদের টিম যাচ্ছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।