প্রবা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১১:২২ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১১:৪১ এএম
রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন, প্রতিবারই ভারতে এলে তিনি আনন্দিত হন, বিশেষত স্বাধীনতা যুদ্ধে দেশটির অবদানের জন্য।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘ভারত আমাদের বন্ধু। আমি যতবারই ভারতে আসি ততবারই আনন্দিত হই। আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান সবসময় স্মরণ করি। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা একে অপরকে সহায়তা করে থাকি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে বলেই তিনি আশা প্রকাশ করছেন।
তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো, জনগণের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি দেশকে অর্থনৈতিক অগ্রগতির পথে নিয়ে যাওয়া। আমরা সেটা করতে সক্ষম। বন্ধুত্ব দিয়ে যেকোনো সমস্যারই সমাধান করা যায়। আমরা সব সময় সেটাই করি।’
ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী। তারা একে অপরের সঙ্গে করমর্দন করেন। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সাজানো হয় রাষ্ট্রপতি ভবন।
আজ শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন।