প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ২০:৫৫ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২১:১৮ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সদস্যরা। ছবি : পিআইডি
আমদানি ও রপ্তানির ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভুটানকে বাংলাদেশের সড়ক ও বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে চুক্তি করতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে বিকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ভুটান একটি ল্যান্ড লক (ভূমিবেষ্টিত) দেশ। আমদানি-রপ্তানিতে তাদের নিজস্ব কোনো নদী বা সমুদ্রবন্দর নেই। সেক্ষেত্রে তারা ভারতের কাছেও একই ধরনের সুবিধা নিয়ে থাকে। এখন বাংলাদেশের বন্দর ও সড়ক ব্যবহার করে আমদানি-রপ্তানির কাজ চালানোর একটি সুযোগ তারা পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এর আওতায় ভুটান বাংলাদেশের ভূখণ্ড আমদানি-রপ্তানির প্রয়োজনে ব্যবহার করতে পারবে। বন্দরও ব্যবহার করতে পারবে। এই চুক্তি অনুমোদনের পর এখন বিষয়টি এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) কাছে যাবে। এর জন্য তারা কী পরিমাণে বা কী হারে রাজস্ব দেবে, সেটা এনবিআর ঠিক করবে। সবকিছু শেষে চূড়ান্ত একটি চুক্তি হবে।’