প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৯:০৬ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৯:১৬ পিএম
নাজিম উদ্দিন। ছবি : আইএসপিআর
বান্দরবানের রুয়াংছড়ির দুর্গম পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) গুলিবর্ষণে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই সেনাসদস্য।
সোমবার (১৩ মার্চ) বিকালে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। রবিবার বেলা ১১টার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে এক বিজ্ঞপ্তিতে জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।
এক দিন পরে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় শিশু দিবস-২০২৩ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার কাজে নিয়োজিত সেনাসদস্যদের ওপর এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
নিহত নাজিম উদ্দিন সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার ছিলেন। রংপুর সদরের ঘাঘটপাড়া গ্রামের বাসিন্দা মৃত শমসের আলীর ছেলে নাজিম ৩০ বছর ধরে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।