বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ২১:০৪ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৩ ২১:৫৬ পিএম
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রবা ফটো
বিশ্বনেতাদের দিয়ে চিঠি ইস্যু করে ড. মুহাম্মদ ইউনূস নিজেরই সম্মানহানি করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ’আদালতের রায়কে সম্মান না দেখিয়ে বিশ্বনেতাদের দিয়ে চিঠি ইস্যু করে তিনি ভেবেছিলেন হয়তো এতে সম্মান বাড়বে। কিন্তু তিনি নিজেরই সম্মানহানি করেছেন।’
রবিবার (১২ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন করেন, দেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কাজে হাত দেন, তখনই ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে এখন মানুষ প্রশংসা করে। শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশ দারিদ্রতা থেকে বের হয়ে এসেছে।’
তিনি আরও বলেন, ’বিএনপি স্বাধীনতার ঘোষণা নিয়ে গুজব ছড়ায়। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে। স্বাধীনতার একমাত্র ঘোষক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে আব্দুল মান্নান সাহেবও বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন।’
শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ ছাড়াও শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।