প্রবা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩০ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৪ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের বিভিন্ন ডিজিটাল প্রকল্পের পেছনে বড় অবদান রয়েছে ছেলে সজীব ওয়াজেদ জয়ের। তবে তার রাজনীতিতে আসার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত কেবল তার এবং জনগণের ওপর নির্ভর করছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তার ছেলের রাজনীতিতে আসার বিষয়ে এ মন্তব্য বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেখুন, সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তাই এ সিদ্ধান্ত কেবল তার ওপরেই নির্ভর করছে। তবে সে দেশের জন্য কাজ করে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রকল্প নিয়েছি, এর পেছনে রয়েছে স্যাটেলাইট, সাবমেরিন কেবল, কম্পিউটার প্রশিক্ষণের মতো ডিজিটাল সিস্টেম; যার সবই তার আইডিয়া। আপনি জানেন যে, সে এখন আমাকে সহযোগিতা করছে। সে এসব কাজ করে যাচ্ছে কিন্তু কখনোই দলে কিংবা মন্ত্রণালয়ে পদ পাওয়ার চেষ্টা করেনি।’
এ সময় প্রধানমন্ত্রী একটি দলীয় অনুষ্ঠানের কথা স্মরণ করে বলেন, আমার মনে পড়ছে ওই অনুষ্ঠানে দলের একটা বড় অংশ চাইছিল জয় যেন এর নেতৃত্বে আসে।
তিনি আরও বলেন, ‘এমনকি আমাদের দলীয় সম্মেলনেও তার জন্য জোরালো সমর্থন জানান অনেকে। এরপর আমি তাকে বলি মাইক্রোফোন নিতে এবং তার মনের কথা জানাতে। এ সময় জয় সবাইকে উদ্দেশ করে বলে, না, আমি দলে এ মুহূর্তে কোনো পদ চাই না। আমার কেন কোনো পদ নিতে হবে? আমি আমার মায়ের পাশে আছি। আমি দেশের জন্য কাজ করছি, আমি তাকে (শেখ হাসিনা) সাহায্য করছি এবং ভবিষ্যতেও তা করে যাব। সে এভাবেই চিন্তা করে। ’
প্রবা/এনএস/জেআই