প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৬:০৬ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৭:৪১ পিএম
দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান আওয়ামী লীগের নেতারা। ছবি : পিএমও
স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) শেষে কাতার থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ৩টায় ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট। প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৮ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১১টায় কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে গত শনিবার কাতার সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সফরে এলডিসি ৫-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেন তিনি। সেসব অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন শেখ হাসিনা।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যুসহ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ করেন।
এই সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন।
এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাপ্রধানদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।