প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ১১:৩৮ এএম
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি শ্রদ্ধা নিবেদন করেন। প্রবা ফটো
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
রাষ্ট্রীয় সফরে কাতারে অবস্থান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে ববি ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ববিও উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদনের সময়।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান, মাহমুদ,মাহবুবু-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর ১৪ দলীয় জোটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী এবং ভাতৃপ্রতীমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ও দেশ বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।