বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৮ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩২ পিএম
কবি হেলাল হাফিজ।
খ্যাতিমান কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ হওয়ায় ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবি ফরিদ কবিরের ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায়। পরে কবি হেলাল হাফিজ নিজেও কবি ফরিদ কবিরের ফেসবুক স্ট্যাটাসটি শেয়ার করেছেন।
তিনি লিখেছেন, ‘কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ। বারডেম হাসপাতালের ৮৪১ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন।’
এর আগে ১৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কবি হেলাল হাফিজকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল।
বরেণ্য কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির বৈধ মুদ্রণ হয়েছে ৫০ বারেরও বেশি। এই কাব্যগ্রন্থ কবিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের ৩৪ বছর পর প্রকাশিত হয় কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ 'বেদনাকে বলেছি কেঁদো না'।
১৯৮৬ সালে প্রথম কবিতাগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশের পর মানুষের বিশেষ করে তরুণদের মুখে মুখে ফেরে তার কবিতা। দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের ১৯৬৯-এর পটভূমিতে লেখা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র পঙক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, কবিতাপ্রেমীদের মুখে মুখে।
২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এর আগে খালেকদাদ চৌধুরী পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি।
প্রবা/টিএম /এসআর