প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৩ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৮ এএম
এইচএম ইব্রাহিম সেলিম ও কাজী দেলোয়ার হোসেন।
শহীদ সেলিম-দেলোয়ার দিবস আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)। ১৯৮৪ সালের এদিন স্বৈরশাসক এরশাদবিরোধী গণআন্দোলন চলাকালে পুলিশের ট্রাক ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলের ওপর তুলে দিলে ঘটনাস্থলে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্র নেতা।
এইচএম ইব্রাহিম সেলিম ছিলেন ইতিহাস বিভাগের ছাত্র আর কাজী দেলোয়ার হোসেন রাষ্ট্রবিজ্ঞানের।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ছাত্র সংগ্রাম পরিষদ ২৮ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করে। মিছিলটি ঢাবি এলাকা থেকে শুরু হয়ে বঙ্গবাজার-ফুলবাড়িয়া-গুলিস্তান-সচিবালয় হয়ে ফিরে আসার কথা ছিল।
মিছিল ফুলবাড়িয়া পৌঁছলে ফায়ার ব্রিগেড অফিসের পাশ থেকে হঠাৎ একটি পুলিশের ট্রাক মিছিলটিকে অনুসরণ করে এবং অল্প পরেই ট্রাকটি পেছন থেকে এ মিছিলের ওপর দিয়ে দ্রুতগতিতে চালিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই শহীদ হন সেলিম ও দেলোয়ার। এরপর সে সময়ের চলমান আন্দোলন আরও প্রবল হয়।
শহীদ সেলিম-দেলোয়ার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। অনেক আত্মত্যাগের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সেলিম ও দেলোয়ারসহ যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের রক্তের ঋণ কখনও শোধ হওয়ার নয়।
এ দিবস উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ঢাবির সূর্য সেন হলের সামনে শহীদ সেলিম স্মৃতিফলক এবং জহুরুল হক হলের সামনে শহীদ দেলোয়ার স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা।