ডেসটিনি ২০০০ লিমিটেড পরিচালনায় বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই বোর্ডকে ডেসটিনির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন।
হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করে এর সদস্য করা হয়েছে সাবেক জেলা জজ হাসান শাহেদ ফেরদৌস, ব্যারিস্টার মাগরুব কবীর ও এফসিএ ফখরুদ্দিন আহমদকে।
অদালতে আবেদনের পক্ষে আইনজীবী মইনুল ইসলাম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন।
খুরশীদ আলম খান আদেশের বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত এজিএম করার জন্য ১৬ জন আবেদন করেছিলেন। আদালত বোর্ড পুনর্গঠন করে এজিএম করার অনুমতি দিয়েছেন। এতে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়া সাবেক জেলা জজ হাসান শাহেদ ফেরদৌস, কোম্পানিবিষয়ক ব্যারিস্টার মারগুব কবীর, এফসিএ ফখরুদ্দিন আহমদ ও ব্যবসায়ী ইকবাল জামানকে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে রাখা হয়েছে। এই পরিচালনা বোর্ড ডেসটিনির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি পেয়েছে। অর্থাৎ আজ থেকে সচল হলো ডেসটিনি ২০০০ (ডিটুকে)।’
আবেদনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মইনুল ইসলাম জানান, আবেদনে বলা হয়, ২০০০ সালের ১৪ ডিসেম্বর রেজিস্ট্রেশন পায় ডেসটিনি ২০০০ লিমিটেড। কোম্পানিটির মোট শেয়ারহোল্ডার রয়েছে ৪৯ জন। হাইকোর্টে আবেদনকারীরা হলেন, ডেসটিনির পরিচালক বিপ্লব বিকাশ শীল, মোহম্মদ জাকির হোসেন, শাহিনুর হাওলাদার শাহীন, সাইফুল আলম রতন, জিএম গোলাম রাব্বানী, শামনুন এহসান শামীম, মাসুদা ইসমত আরা, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম, খায়রুন নেসা, সৈয়দ মোহাম্মদ ইকবাল, শাহজাদা আল মাহমুদ, হোসাইন আজাদ, কামরুল হাসান ও মো. জাহাঙ্গীর আলম।
প্রবা/ আরকে